২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, সরকারি ছুটি নয়

২৪ঘণ্টা অনলাইন : পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে দিনটি সাধারণ সরকারি ছুটি নয়।
দেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি নির্ধারিত রয়েছে।
এর পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা নিয়মিত ছুটির সুযোগ পাবেন।
তবে ২৪ সেপ্টেম্বর কেউ ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে।
এদিকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো সাধারণ ছুটি রাখা হয়নি। অর্থাৎ ২৩ সেপ্টেম্বর সরকারি অফিস-আদালতের জন্য সরকারি ছুটি প্রযোজ্য নয়।
দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে থাকে। তাই সব বিশ্ববিদ্যালয়ে একই দিনে ছুটি নাও থাকতে পারে।
কোনো বিশ্ববিদ্যালয় এ উপলক্ষে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রমও চলতে পারে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ছুটির বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নোটিশ অনুসরণ করতে হবে।
