সংসদের তৃতীয় অধিবেশন শেষ, পাস ৬ বিল

২৪ঘণ্টা অনলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। ৯টি বৈঠকে মোট ছয়টি বিল পাস হয়েছে এই অধিবেশনে।
১০ সেপ্টেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পড়ে শোনানোর মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
গত ২৭ আগস্ট শুরু হওয়া তৃতীয় অধিবেশন ৯ কার্যদিবস চলার পর ১০ সেপ্টেম্বর শেষ হলো। অধিবেশনে মোট ছয়টি বিল উপস্থাপিত হয় এবং সবগুলোই পাস হয়েছে।
আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে তিনটি বিশেষ কমিটিসহ ৪৮টির বেশি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নোটিশও দেন।
৬৮ বিধিতে সাতটি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে দুটি নোটিশ গৃহীত ও আলোচিত হয়েছে। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং ১৪টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্যের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। ১৪৭ বিধিতে দুটি নোটিশের মধ্যে একটির ওপর আলোচনা হয়েছে। আর ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপন করা হয়।
অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদ সদস্যদের মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেন।
প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য সংসদ সদস্যরা মোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন।
এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়।
