ধানমন্ডিতে এপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১০ সেপ্টেম্বর সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধানমন্ডি ২৭ নম্বরের রাস্তার উত্তর পাশে মীনা বাজার থেকে দক্ষিণ দিকে এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো হতাহত বা কেউ আটকে পড়ার খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
