রুনা লায়লার মৃত্যুর গুজব, মেয়ে তানি বললেন ‘মা সুস্থ ও জীবিত’

২৪ঘণ্টা অনলাইন : কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার অসুস্থতা ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে এসব ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তার একমাত্র মেয়ে তানি লায়লা।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তানি স্পষ্ট করে জানিয়েছেন, তার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। একই সঙ্গে এ ধরনের ভুয়া খবর ও এআই-নির্ভর কনটেন্ট ছড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
তানি লিখেছেন, সামান্য অর্থ উপার্জনের আশায় এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও ও মিথ্যা খবর ছড়ানোয় তিনি বিরক্ত ও অতিষ্ঠ। এসব কনটেন্টের বিরুদ্ধে একটি একটি করে রিপোর্ট করার কথাও জানিয়েছেন তিনি।
রুনা লায়লার সংগীতজীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তানি বলেন, তার মা জীবনের ছয় দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন। এরপরও তাকে নিয়ে এ ধরনের মিথ্যা ও অসম্মানজনক তথ্য ছড়ানো অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক।
তানি আরও বলেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই।’ এসব ছবি ও ভিডিও এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে উল্লেখ করে গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
একই সঙ্গে যেসব পেজ ও চ্যানেল থেকে রুনা লায়লাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে রিপোর্ট করার জন্য অনুসারীদের অনুরোধ করেছেন তানি।
৭৪ বছর বয়সী রুনা লায়লা এখনও সংগীতচর্চায় সক্রিয়। সম্প্রতি অস্ট্রেলিয়ার দুটি শহরে কনসার্ট করেছেন তিনি। এর আগে ঢাকায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও সংগীত পরিবেশন করেন এই কিংবদন্তি শিল্পী।
#হ্যাশট্যাগ
