বন্যার পর তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপাল

২৪ঘণ্টা অনলাইন : ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই নতুন দুর্যোগের মুখে পড়েছে তিব্বত ও নেপাল। তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন নেপালের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।
৯ সেপ্টেম্বর আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। তবে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এর মাত্রা ৫ দশমিক ০ বলে জানিয়েছে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত বৃহস্পতিবার তিব্বতে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
এদিকে ২৬ আগস্টের ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে নেপাল ও তিব্বতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালে বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে এবং এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৩২৬ জন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৫১৯ জন।
চীন-নেপাল সীমান্তের বিভিন্ন এলাকায় হিমবাহ ও পাহাড় ধসে সড়ক, সেতু ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে। নিখোঁজদের মধ্যে জলবিদ্যুৎকেন্দ্রের বহু কর্মী রয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলের হিমবাহ দ্রুত গলে যাওয়ায় হঠাৎ বন্যা, ভূমিধস ও হিমবাহ ধসের ঝুঁকি বাড়ছে। সাম্প্রতিক বন্যা, পাহাড়ধস ও একের পর এক ভূমিকম্পে অঞ্চলটির দুর্যোগ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
