তিগমাংশুর প্রস্তাব ফিরিয়ে দিলেন শাহরুখ

২৪ঘণ্টা অনলাইন : তিগমাংশু ধুলিয়ার নতুন সিনেমা ‘ঘামাসান’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। প্রতীক গান্ধী ও আরশাদ ওয়ারসি অভিনীত সিনেমাটির জন্য প্রথমে শাহরুখ খানকে প্রস্তাব দিয়েছিলেন পরিচালক। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন বলিউডের ‘কিং খান’।
সম্প্রতি সিনেমাটির প্রচারে এসে বিষয়টি নিজেই জানিয়েছেন তিগমাংশু ধুলিয়া। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পরিচালক জানান, ‘ঘামাসান’-এর চিত্রনাট্য লেখার পর প্রতীক গান্ধীর অভিনীত চরিত্রটির জন্য তার প্রথম পছন্দ ছিলেন শাহরুখ খান। দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে তিনি শাহরুখের কাছে চিত্রনাট্যটি নিয়ে যান।
তিগমাংশুর সঙ্গে শাহরুখের পরিচয় ‘দিল সে’ সিনেমার সময় থেকে। পরে ‘জিরো’ সিনেমায় শাহরুখের বাবার চরিত্রেও অভিনয় করেন তিগমাংশু।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, শাহরুখ চিত্রনাট্যটি মনোযোগ দিয়ে শোনার পর অত্যন্ত ভদ্রভাবে প্রস্তাবটি ফিরিয়ে দেন। তিনি জানান, এ ধরনের বাস্তবধর্মী সিনেমায় সাধারণত অভিনয় করেন না।
শাহরুখের সিদ্ধান্তে অবশ্য কোনো আক্ষেপ নেই তিগমাংশুর। বরং অভিনেতার পছন্দ ও অভিনয়ের ধরনকে তিনি সম্মান করেন।
শেষ পর্যন্ত শাহরুখের জন্য ভাবা চরিত্রে অভিনয় করেন প্রতীক গান্ধী। সিনেমাটির আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরশাদ ওয়ারসি।
শাহরুখের সিদ্ধান্ত নিয়ে আরশাদ ওয়ারসিও মন্তব্য করেছেন। তার মতে, দর্শক শাহরুখকে বড় পর্দায় আরও জমকালো ও অ্যাকশনধর্মী চরিত্রেই দেখতে অভ্যস্ত। তাই খুব বাস্তবধর্মী চরিত্রে তাকে দেখলে কিছুটা অস্বাভাবিক লাগতে পারে।
এদিকে ‘ঘামাসান’ ছাড়াও তিগমাংশু সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। সিনেমাটিতে গল্পের ঘাটতি রয়েছে বলে সমালোচনা করেছেন তিনি।
‘ঘামাসান’ হিন্দি বলয়ের পটভূমিতে নির্মিত একটি ক্যাট-অ্যান্ড-মাউস গল্প। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অপরাধজগতের দুই পক্ষের দ্বন্দ্বের পাশাপাশি পুরুষদের বন্ধুত্ব, প্রতিদ্বন্দ্বিতা ও সম্পর্কের নানা জটিলতা উঠে আসবে সিনেমাটিতে।
প্রতীক গান্ধী ও আরশাদ ওয়ারসি অভিনীত ‘ঘামাসান’ আগামী ১১ সেপ্টেম্বর জি৫-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
