মৈত্রী এক্সপ্রেস চালুতে ইতিবাচক দুই দেশ

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে দুই দেশই ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, দুই দেশের স্বার্থে সহযোগিতা আরও কার্যকর করা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বন্ধন আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের বিদ্যমান কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষের আগ্রহ রয়েছে।
বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানান। তিনি বলেন, দুই দেশের সড়ক ও রেল যোগাযোগ জোরদারের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়েও আলোচনা হয়েছে।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই রেল ও সড়ক যোগাযোগ শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
