অর্থনীতি ও কর্মসংস্থান উন্নয়নে বাংলাদেশ-ইতালি কাজ করবে

২৪ঘণ্টা অনলাইন : অর্থনীতি, কর্মসংস্থান, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইতালির মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
৭ সেপ্টেম্বর সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অবৈধ অভিবাসন নিরুৎসাহিত করে নিরাপদ ও বৈধ অভিবাসনে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
ইতালিতে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী ইতালীয় ভাষা প্রশিক্ষণে দেশটির সহযোগিতা কামনা করেন। বাংলাদেশে প্রশিক্ষক তৈরি এবং ইতালিতে কাজ করতে আগ্রহী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছেন। দক্ষতা উন্নয়ন ও ইতালীয় ভাষা শিক্ষার মাধ্যমে বৈধভাবে জনশক্তি রপ্তানি বাড়াতে ইতালির সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সচেতনতা কার্যক্রম জোরদারের পরিকল্পনার কথাও জানানো হয়।
বৈঠকে মিলান সিটি ও খুলনা সিটি করপোরেশনের মধ্যে খাদ্য নিরাপত্তা ও খাদ্য অপচয় রোধে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি স্থপতিদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, বাণিজ্য, রেমিট্যান্স এবং কর্মসংস্থান বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ-ইতালি সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা জানান
