৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি দেড় লাখ কোটি

২৪ঘণ্টা অনলাইন : দেশের রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংকে।
৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অর্থমন্ত্রী জানান, ৩০ জুন ২০২৬-এর হিসাব অনুযায়ী রাষ্ট্র-মালিকানাধীন ছয় ব্যাংকের মধ্যে রয়েছে—অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি ও সোনালী ব্যাংক পিএলসি।
ব্যাংকভিত্তিক হিসাবে, জনতা ব্যাংকের খেলাপি ঋণ সর্বোচ্চ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা। অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা এবং রূপালী ব্যাংকের ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা।
এ ছাড়া সোনালী ব্যাংকের খেলাপি ঋণ ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা, বেসিক ব্যাংকের ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা।
সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও জানান, রাষ্ট্র-মালিকানাধীন ছয় ব্যাংকের মধ্যে খেলাপি ঋণের দিক থেকে জনতা ব্যাংক সবচেয়ে এগিয়ে রয়েছে। বিপুল পরিমাণ খেলাপি ঋণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আর্থিক ব্যবস্থাপনা ও ঋণ আদায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
