ছয় দফা না মানলে এক দফার আন্দোলন

২৪ঘণ্টা অনলাইন : সরকারের রাষ্ট্র পরিচালনায় অদক্ষতা ও অব্যবস্থাপনার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনকল্যাণে উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তা এক দফার আন্দোলনে রূপ নেবে। অর্থাৎ সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।
৫ সেপ্টেম্বর বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনা স্পষ্ট হয়ে উঠেছে। তার দাবি, জনগণের ৭০ শতাংশের গণরায় সরকার অমান্য করেছে। এতে সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়েছে।
সাম্প্রতিক সময়ে নিহত ওসমান হাদিসহ অন্যদের হত্যার বিচার দাবি করে তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ শহীদদের এবং ন্যায়-ইনসাফের বাংলাদেশ হবে।
লংমার্চ কর্মসূচিতে ছয় দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জ্বালানি ও সার সংকটের সমাধান এবং দলীয়করণ বন্ধ করা।
পথসভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
