অক্ষয়ের ১৭ চড় খেয়েছিলেন আমির

২৪ঘণ্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দিল চাহাতা হে’-এর শুটিংয়ে আমির খানকে একটি দৃশ্যের জন্য গুনে গুনে ১৭ বার চড় মেরেছিলেন অক্ষয় খান্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার পেছনের কারণ জানিয়েছেন ছবিটির পরিচালক ফারহান আখতার।
ফারহান জানান, দৃশ্যটিকে আরও বাস্তবসম্মত করতে অক্ষয়কে সত্যিই আমিরকে চড় মারার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি দৃশ্যটি সাজানো নাকি সত্যি—সামনে থাকা সাইফ আলি খানও যেন বুঝতে না পারেন, সেভাবেই শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছিল।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, তিনি আমিরকে আগেই জানিয়েছিলেন যে অক্ষয় সত্যিকারের চড় মারবেন। আমিরও এতে সম্মতি দেন। তবে চড়টি সংলাপের শেষে নয়, মাঝপথে মারার পরিকল্পনা করা হয়, যাতে আমিরের স্বাভাবিক বিস্ময়ের অভিব্যক্তি ক্যামেরায় ধরা পড়ে।
প্রথম চড়েই আমিরের গাল লাল হয়ে ফুলে যায়। এরপরও দৃশ্যটি নিখুঁত করতে তিনি একাধিক টেক দিতে রাজি হন। শেষ পর্যন্ত ১৭টি টেক নেওয়ার পর তার গালের এক পাশে চড়ের স্পষ্ট দাগ পড়ে যায় বলে জানান ফারহান।
এদিকে সিনেমাটির আরেকটি দৃশ্যে সাইফ আলি খানকেও চড় খেতে হয়েছিল। অভিনেত্রী সুচিত্রা পিল্লাই প্রথমে দ্বিধায় থাকলেও পরিচালকের নির্দেশে দৃশ্যটির জন্য তিনবার সাইফকে চড় মেরেছিলেন।
