আশুলিয়ায় ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার

২৪ঘণ্টা অনলাইন : সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ সেপ্টেম্বর রাতে মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন জানান, পুরুষটির গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে ওই পরিবারটি সম্প্রতি কক্ষটি ভাড়া নিয়েছিল। কক্ষটির দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। শুক্রবার রাতে ঘর থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, মরদেহগুলো বিছানার ওপর পাওয়া গেছে। পুরুষটির গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও নিহতদের পরিচয় তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের একাধিক বিভাগ ঘটনাটি তদন্ত করছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
