বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণসহ দুইজন আটক

২৪ঘণ্টা অনলাইন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া ৪৭৫ দশমিক ৬ গ্রাম বা ৪০ দশমিক ৭৮ ভরি স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।
১ সেপ্টেম্বর সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।
এপিবিএন জানায়, সকালে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বাইরের গেট এলাকায় ওই দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।
পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২১ ক্যারেটের মোট ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণালংকার চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছে। আটক দুজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
এয়ারপোর্ট (১৩) এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয় রয়েছে। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
