পাকিস্তানের হাসপাতালে আগুন, নিহত ১৫ নবজাতক

২৪ঘণ্টা অনলাইন : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকারি একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় গায়নোকোলজি ওয়ার্ডে থাকা ১৬ শিশুর মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় ভোর ৬টা ৪৫ মিনিটে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এর আওতাধীন একটি হাসপাতালের চতুর্থ তলার গায়নোকোলজি ওয়ার্ডে আগুন লাগে।
ইসলামাবাদ পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নবজাতকদের রাখা কক্ষে থাকা একটি এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের মুখপাত্র ডা. আনীজা জলিল জানান, আগুন লাগার পর কয়েকজন চিকিৎসক দ্রুত ওই কক্ষে প্রবেশের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতার কারণে তারা মাত্র একজন নবজাতককে উদ্ধার করতে সক্ষম হন।
ঘটনার পর অগ্নিকাণ্ডের কারণ ও হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ইসলামাবাদ পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
