২৩ তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে হারিয়ে জয় পান মির্জা ফখরুল। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ছয়টি ব্যালট অব্যবহৃত ছিল। বিভিন্ন ত্রুটির কারণে আইন অনুযায়ী চারটি ব্যালট প্রতিস্থাপন করা হয়।
ভোটের ফল ঘোষণা শেষে সিইসি আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিরোধীদলীয় নেতা ও অন্যান্য সংসদ সদস্যরাও তাকে অভিনন্দন জানান।
এর আগে ভোটগ্রহণের সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে স্বাক্ষর করে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন। প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
