৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন

২৪ঘণ্টা অনলাইন : দীর্ঘ ৩৫ বছর পর একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আজ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদ ভবনে এই ভোটগ্রহণ হবে।
১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় সরাসরি ভোটাভুটির পরিস্থিতি তৈরি হয়েছে। এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ড. অলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।
এর আগে ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার পর ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও কোনো প্রার্থী নাম প্রত্যাহার করেননি।
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্মকর্তা হিসেবে ভোটগ্রহণ পরিচালনা করবেন। ভোট শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে এবং সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া স্বচ্ছ রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ভোটের সময় সংসদ ভবনের ভেতরে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
১৯৯১ সালের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদরুদ্দোজা হায়দার চৌধুরীকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।
দীর্ঘ বিরতির পর এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
