মীরসরাইয়ে বিপুল গাঁজা-ফেনসিডিল উদ্ধার

২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের মীরসরাইয়ে একটি মাইক্রোবাস থেকে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত টয়োটা নোয়া মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। তবে গাড়িতে থাকা মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে।
১৬ আগস্ট মীরসরাই থানার ইকোনমিক জোন সড়কে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইকোনমিক জোন সড়কে নজরদারি চালাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি দেখে সেটিকে ধাওয়া করা হয়।
একপর্যায়ে চালক ও মাদক ব্যবসায়ীরা গাড়িটি সড়কে ফেলে পালিয়ে যায়। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল পাওয়া যায়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মীরসরাই থানায় মামলা করা হয়েছে।
পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত সরবরাহকারী চক্রের সন্ধানে তদন্ত চলছে বলে জানান তিনি।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও পরিবহনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
