‘তাল’-এ ঐশ্বরিয়ার সুযোগ, শর্ত জানালেন নির্মাতা

২৪ঘণ্টা অনলাইন : ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘তাল’ বলিউডের অন্যতম জনপ্রিয় মিউজিক্যাল সিনেমা। ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিনয় ও গ্ল্যামার দর্শকদের নজর কাড়লেও এই সিনেমায় সুযোগ পাওয়ার আগে তাকে একটি কঠিন শর্ত দিয়েছিলেন পরিচালক সুভাষ ঘাই।
‘তাল’-এর ২৭ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি সিনেমাটির কাস্টিং নিয়ে পুরোনো স্মৃতি শেয়ার করেছেন সুভাষ ঘাই। তিনি জানান, সিনেমার বেশ কিছু কঠিন নাচের দৃশ্যের জন্য উপযুক্ত অভিনেত্রী খুঁজছিলেন তিনি। এ বিষয়ে নৃত্যপরিচালক সরোজ খানের পরামর্শ নিলে তিনি ঐশ্বরিয়ার নাম প্রস্তাব করেন।
এরপর ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করে নিজের শর্তের কথা স্পষ্ট করে জানান সুভাষ ঘাই। তার মতে, সে সময় ঐশ্বরিয়ার গ্ল্যামার ও সৌন্দর্যকে ঘিরে একটি নির্দিষ্ট ইমেজ তৈরি হয়েছিল। কিন্তু ‘তাল’-এর চরিত্রের জন্য সেই ইমেজ থেকে বেরিয়ে আসা প্রয়োজন ছিল।
সুভাষ ঘাইয়ের ভাষায়, তিনি ঐশ্বরিয়াকে বলেছিলেন, ‘আমাকে তোমার এই ইমেজ পুরোপুরি নষ্ট করে দিতে হবে।’
শুধু তাই নয়, সিনেমার প্রথম এক ঘণ্টায় কোনো মেকআপ ছাড়াই পর্দায় হাজির হতে হবে—এমন শর্তও দিয়েছিলেন পরিচালক। ঐশ্বরিয়া গল্পের প্রয়োজনে এই শর্ত মেনে নেন এবং নির্মাতা যেভাবে চাইবেন সেভাবেই কাজ করার সম্মতি জানান।
সুভাষ ঘাইয়ের মতে, ঐশ্বরিয়াকে বেছে নেওয়ার ক্ষেত্রে তারকা ইমেজ নয়, বরং চরিত্রের প্রয়োজনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।
ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুর ও অক্ষয় খান্না অভিনীত ‘তাল’ মুক্তির পর ভারতসহ আন্তর্জাতিক বাজারেও সাফল্য পায়। সিনেমাটির গান, অভিনয় ও নান্দনিক নির্মাণ এখনো দর্শকদের কাছে জনপ্রিয়।
