অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে ১০০ রাকাত নামাজ

২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা চুরির অভিযোগে তিনজনকে আটক করে তওবা পড়ানোর পর ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
১২ আগস্ট রাতে উপজেলার মিঠাছড়া বাজারের গাংচিল ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, কয়েক দিন আগে মিঠাছড়া বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে স্থানীয়রা চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করেন। বুধবার রাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে বারইয়ারহাট এলাকার বেলাল হোসেন ও পূর্ব মোটবাড়িয়া এলাকার রিফাত হোসেনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, আটক ব্যক্তিদের কোনো ধরনের শারীরিক নির্যাতন না করে ভবিষ্যতে চুরি না করার জন্য তওবা করানো হয়। পরে তাদের ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় যুবদল নেতা আমজাদ হোসেন বাবু বলেন, অপরাধীদের সংশোধনের সুযোগ দেওয়ার পাশাপাশি শারীরিক নির্যাতন এড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
আরেক স্থানীয় বাসিন্দা নুর হোসেন মিয়ার দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
তবে এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিঠাছড়া এলাকায় চোর আটক করে নামাজ পড়ানোর বিষয়ে পুলিশ অবগত নয়। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও পাওয়া যায়নি।
