বাংলাদেশে ভারত সিরিজ নিয়ে শঙ্কা

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের মাটিতে ভারতের বহুল প্রতীক্ষিত সাদা বলের সিরিজ আয়োজন নিয়ে আবারও শঙ্কা তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দলের বাংলাদেশ সফরের কথা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
২০২২ সালের পর আর বাংলাদেশ সফরে আসেনি ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন ও নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে নির্ধারিত একটি সিরিজও পিছিয়ে যায়।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেপ্টেম্বরে ভারতকে বাংলাদেশে এনে সিরিজ আয়োজনের সম্ভাবনা কমে এসেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আশা করছে, নির্ধারিত সময়ের আগে পরিস্থিতির উন্নতি হতে পারে।
সম্প্রতি ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের কয়েকজন নেতার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিসিবির অভ্যন্তরীণ একটি সূত্রের দাবি, এর প্রভাব ভারত সিরিজ আয়োজনের ক্ষেত্রেও পড়তে পারে।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর সিরিজটি নিয়ে তারা সন্দিহান। সময়ও দ্রুত ফুরিয়ে আসছে বলে জানান তিনি।
ওই কর্মকর্তা বলেন, সিরিজ আয়োজনের জন্য বিসিবি নিজেদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে বর্তমান পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে। আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল না হওয়া পর্যন্ত অবশ্য আশা ছাড়তে রাজি নয় বিসিবি।
এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যোগাযোগ বাড়ে। বিসিবি ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) আলোচনার ভিত্তিতে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল।
তবে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ সেই সম্ভাবনাকে আবারও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এখন সিরিজটি নির্ধারিত সময়ে বাংলাদেশে অনুষ্ঠিত হবে কি না, সেদিকেই তাকিয়ে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।
