ফিটনেসে নতুন চমক সালমান খানের

২৪ঘণ্টা অনলাইন : বলিউড সুপারস্টার সালমান খান এবার নিজের ফিটনেস নিয়েই আলোচনায়। সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ে হাজির হয়ে তিনি জানান, গত কিছুদিনে তিনি ১৬ কেজি ওজন কমিয়েছেন। তার এই মন্তব্যের পর ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
সম্প্রতি অ্যামাজন প্রাইমের রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এর ফাইনাল পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন সালমান খান। সেখানে প্রতিযোগী হিসেবে থাকা ভাই সোহেল খানকে উৎসাহ দিতে গিয়ে নিজের ওজন কমানোর তথ্য প্রকাশ করেন তিনি।
আলাপচারিতার একপর্যায়ে সোহেল জানান, তিনি ১২ কেজি ওজন কমিয়েছেন এবং নিজের ফিটনেসের প্রমাণ হিসেবে অ্যাবসও দেখান। জবাবে সালমান জানান, তিনি আরও বেশি—মোট ১৬ কেজি ওজন কমিয়েছেন। এ সময় দুই ভাইয়ের প্রাণবন্ত কথোপকথন এবং সালমানের রসিকতা দর্শকদের দারুণভাবে আনন্দ দেয়।
কিছুদিন আগে মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির (এসআরএ) একটি অনুষ্ঠানে সালমানের উপস্থিতির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার শারীরিক গঠন ও স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। অনেক ভক্তই তার ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
তবে নতুন এই উপস্থিতিতে আগের চেয়ে অনেক বেশি ফিট ও আত্মবিশ্বাসী সালমানকে দেখে ভক্তদের সেই উদ্বেগ অনেকটাই কেটে গেছে।
দীর্ঘদিন ‘বিগ বস’-এর জনপ্রিয় সঞ্চালক হিসেবে পরিচিত সালমান খান এবার ভিন্ন ভূমিকায়—ভাই সোহেলের সমর্থনে রিয়েলিটি শোয়ে অংশ নিয়ে দর্শকদের নজর কাড়েন। একই সঙ্গে তার ১৬ কেজি ওজন কমানোর খবরও এখন বলিউড অঙ্গনে আলোচনার অন্যতম বিষয়।
