ইসিতে হিসাব জমা দিল ৩৮ রাজনৈতিক দল

২৪ঘণ্টা অনলাইন : নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের নিরীক্ষিত (অডিট) হিসাব জমা দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। এছাড়া ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে, আর আটটি দল এখনও কোনো প্রতিবেদন জমা দেয়নি।
৩ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯। এর মধ্যে একটি দলের কার্যক্রম স্থগিত থাকায় বাকি ৫৮টি দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ৩৮টি দল তাদের অডিট রিপোর্ট দাখিল করেছে।
ইসি সচিব আরও জানান, ১৩টি রাজনৈতিক দল সময় বৃদ্ধির আবেদন করেছে। অন্যদিকে আটটি দল কোনো ধরনের যোগাযোগ না করায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই এসব দলকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ ও কার্যকর করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে কয়েকটি প্রস্তাব তৈরি করা হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা আরও স্পষ্ট করা, দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপিদের বিষয়ে নতুন বিধান যুক্ত করার সুপারিশ করা হয়েছে। কমিশনের অনুমোদনের পর প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।
নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আইন ও বিধিমালা প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ—এই তিনটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত সাধারণত ৪৫ দিনের সময় প্রয়োজন হয়। এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও মুদ্রণের জন্যও অতিরিক্ত সময় লাগে। তাই একটি পূর্ণাঙ্গ নির্বাচন আয়োজনের জন্য অন্তত তিন মাস আগে থেকে পরিকল্পিত প্রস্তুতি নিতে হয়।
তিনি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের তথ্য সংগ্রহ ও তালিকাভুক্তির কাজও এগিয়ে চলছে।
