'সামি' ডাকলেই বেশি খুশি হন খাইরুল বাসার

২৪ঘণ্টা অনলাইন : ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা খাইরুল বাসার। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে প্রতিনিয়ত দর্শকদের মন জয় করে চলেছেন তিনি। সম্প্রতি এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মুখোমুখি হয়ে নিজের অভিনয় জীবন, ছোট পর্দা থেকে সিনেমায় পদার্পণ, স্বপ্নের চরিত্র এবং সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।
পর্দায় ফুটে ওঠা চরিত্রের নামে যখন ভক্তরা তাঁকে চেনে বা ডাকে, সেটিকে নিজের কাজের সার্থকতা হিসেবে দেখেন খাইরুল বাসার। তিনি বলেন,
“আমি তো খাইরুল বাসার, কিন্তু কেউ যখন আমাকে ‘সামি’ নামে ডাকে, তখন খুব খুশি হই। মনে হয় আমার কাজটা দর্শক পর্যন্ত পৌঁছেছে, উনি নাটকটি দেখেছেন। এটা সত্যিই এক অন্যরকম ভালো লাগা।”
সম্মাননা প্রাপ্তি নিয়ে এই তারকা জানান, অ্যাওয়ার্ডের সঙ্গে সম্মান ও স্বীকৃতি জড়িয়ে থাকে। এটি কেবল একজন অভিনেতার প্রাপ্তি নয়, বরং পুরো গল্পেরই স্বীকৃতি। ভালোবাসা বলেই একটি কাজ মানুষের কাছে পৌঁছাতে পারে।
বর্তমানে নাটক থেকে সিনেমায় অভিনয়শিল্পীদের যুক্ত হওয়ার যে নতুন ধারা তৈরি হয়েছে, তাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেন খাইরুল বাসার। তাঁর মতে,
“সিনেমায় প্রধান চরিত্র বা গুরুত্বপূর্ণ ভূমিকায় যাঁরা কাজ করছেন, তাঁদের অনেকেই নাটক থেকে আসা। নাটক হলো আমাদের অভিনয় চর্চার বড় জায়গা। সীমাবদ্ধতার মধ্যে বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে ঝালাই করা এবং আরও ভালো করার সুযোগ থাকে এখানে।”
স্বপ্নের চরিত্র প্রসঙ্গে খাইরুল বাসার জানান, তিনি সাধারণ মানুষের গল্পকেই পর্দায় তুলে ধরতে ভালোবাসেন।
“প্রত্যেকটা মানুষের জীবনের গল্পই একেকটা সিনেমার মতো। সবার আলাদা কিছু কষ্ট, অভিজ্ঞতা আর না-বলা কথা থাকে। আমার কাছে প্রতিটি মানুষের গল্পই সমান গুরুত্বপূর্ণ।”
সহশিল্পীদের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, সবার ভাবনার মধ্যে বৈচিত্র্য থাকে যা কাজের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। কাজের ক্ষেত্রে সবার সঙ্গেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তবে একদম নতুন কারও সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে তিনি একটু বেশিই উপভোগ করেন।
