খামেনির স্মরণে আদনান সামির চার গান

২৪ঘন্টা অনলাইন: প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার ও পদ্মশ্রীজয়ী আদনান সামি ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে চার গানের একটি বিশেষ মিউজিক্যাল প্রজেক্ট প্রকাশ করেছেন। নেতৃত্ব, সহনশীলতা, স্মৃতি ও শ্রদ্ধার বিষয়কে কেন্দ্র করে নির্মিত এই সংগীত সংকলন ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত বিভিন্ন পোস্টে জানা যায়, সম্পূর্ণ মৌলিক কথা ও সুরে তৈরি এই প্রজেক্টের একটি গান ‘ইয়া আল্লাহ’ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
অস্ট্রেলিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানায়, পদ্মশ্রীজয়ী শিল্পী আদনান সামি এই বিশেষ সংগীত প্রকল্পটি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি-কে উৎসর্গ করেছেন।
মুম্বাইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেটের তথ্য অনুযায়ী, এই সংগীত সংকলন মূলত শোকানুষ্ঠান ও স্মরণানুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। প্রজেক্টটির ভিডিও ও প্রচারণামূলক উপকরণে ফারসি ভাষায় শিরোনামের পাশাপাশি শিল্পীর নামও উল্লেখ করা হয়েছে। এতে খামেনি ও আদনান সামির ছবি ব্যবহার করা হয়েছে।
এদিকে গত ৪ জুলাই মুম্বাইয়ে ইরানের কনস্যুল জেনারেল এইচ ই মোতলাঘ এবং দেশটির কালচার হাউসের পরিচালক ফাজেল আদনান সামির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে ইরানের জনগণের পক্ষ থেকে এই সংগীত উদ্যোগের জন্য শিল্পীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাৎকালে তাকে সম্মাননা স্মারক ও বইও উপহার দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, দক্ষিণ এশিয়ার মূলধারার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো শিল্পীর পক্ষ থেকে আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে একাধিক গান নিয়ে এমন সংগীত প্রকল্প প্রকাশের ঘটনা বেশ ব্যতিক্রমী।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সক্রিয় আদনান সামি ভারতীয় শাস্ত্রীয় সংগীত, পপ ও আধুনিক ধারার সংমিশ্রণে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘কাভি তো নাজার মিলাও’ এবং ‘তেরা চেহারা’র মতো অ্যালবামের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি ভারতের মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ লাভ করেন। নতুন এই সংগীত প্রজেক্ট তার দীর্ঘ ও সমৃদ্ধ সংগীতজীবনে ভিন্নমাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকে।
