গরমে ঘুম, বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

২৪ঘন্টা অনলাইন : প্রচণ্ড গরমে ঘুমানো হৃদ্যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এর প্রভাব বেশি। অতিরিক্ত তাপের কারণে পানিশূন্যতা, রক্তচাপের ওঠানামা এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
চিকিৎসকদের মতে, গরমের সময় শরীরে পানির ঘাটতি দেখা দেয়। একই সঙ্গে রক্তনালি প্রসারিত হওয়ায় রক্তচাপ কিছুটা কমে যেতে পারে। যাদের আগে থেকেই নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের এ সময়ে বেশি সতর্ক থাকতে হবে। তবে শুধু গরমের কারণেই হার্ট অ্যাটাক হয়—এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।
এদিকে বিএমসি মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, শোবার ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস (৭৫ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেলে শরীরের স্নায়ুতন্ত্র ও হৃদ্যন্ত্রে চাপ বাড়তে শুরু করে।
অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির গবেষক ড. ফার্গুস ও'কনরের নেতৃত্বে ৬৫ বছর বা তার বেশি বয়সী ৪৭ জনের ওপর পরিচালিত গবেষণায় দেখা যায়, ঘরের তাপমাত্রা বাড়লে শরীর ঠান্ডা রাখতে হৃদ্যন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়। প্রতি ১ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে হৃৎস্পন্দন মিনিটে গড়ে ১০ বিট পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে স্বাভাবিক ঘুম ব্যাহত হয় এবং হৃদ্যন্ত্রের পুনরুদ্ধারের ক্ষমতা কমে যায়।
গবেষণায় আরও দেখা গেছে, ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঝুঁকি প্রায় ১ দশমিক ৪ গুণ বেড়ে যায়। ২৬ থেকে ২৮ ডিগ্রিতে তা প্রায় দ্বিগুণ হয়। আর ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে ঝুঁকি প্রায় ৩ গুণ পর্যন্ত বাড়তে পারে। দীর্ঘমেয়াদে এটি হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা বাড়ায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিনের সর্বোচ্চ তাপমাত্রা নিয়ে নির্দেশনা দিলেও রাতের তাপমাত্রার জন্য নির্দিষ্ট কোনো গাইডলাইন দেয়নি। তবে গবেষকদের পরামর্শ, হৃদ্যন্ত্র সুস্থ রাখতে ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখাই ভালো।
হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শ, গরমের সময় প্রতিদিন ২ থেকে ৩ লিটার পানি পান করা উচিত। প্রয়োজনে খাবার স্যালাইন বা ইলেক্ট্রোলাইটসমৃদ্ধ পানীয় গ্রহণ করা যেতে পারে। এতে পানিশূন্যতা কমে এবং শরীরের লবণ-পানির ভারসাম্য বজায় থাকে।
