পরিবারের উপস্থিতিতে আমিরের তৃতীয় বিয়ে

২৪ঘণ্টা অনলাইন: দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা আমির খান। রোববার মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন তিনি।
পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং আগের সংসারের সন্তানদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। আমিরের পক্ষ থেকে তার মুখপাত্রও বিয়ের খবর নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান। এছাড়া চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর, অভিনেতা এলি আব্রাম, ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিক রাজ ঠাকরে এবং কমেডিয়ান বীর দাসসহ কয়েকজন ঘনিষ্ঠজন অংশ নেন।
আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছর আগের হলেও তাদের সম্পর্ক নতুন মোড় নেয় ২০২৪ সালে। পরে দীর্ঘ সময় দূরত্বের সম্পর্ক বজায় রেখে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দেন আমির।
সম্পর্কের সূত্রে গৌরী বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে চলে আসেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনের বিভিন্ন কার্যক্রমেও যুক্ত রয়েছেন।
বিয়ের আগে এক অনুষ্ঠানে আমির জানিয়েছিলেন, এটি হবে একটি রেজিস্ট্রি ম্যারেজ এবং পরে পরিবার ও বন্ধুদের নিয়ে ছোট পরিসরে উদ্যাপন করা হবে। সেই পরিকল্পনা অনুযায়ীই সম্পন্ন হয়েছে তাদের বিয়ে।
ব্যক্তিগত জীবনে এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। তাদের দুই সন্তান জুনায়েদ ও ইরা। পরবর্তীতে ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের ছেলে আজাদ রাও খান। ২০২১ সালে বিচ্ছেদ হলেও সন্তানের দায়িত্ব পালনে এখনও একসঙ্গে কাজ করছেন তারা।
নতুন জীবনসঙ্গী গৌরী স্প্র্যাটকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
