জাপানি প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

২৪ঘণ্টা অনলাইন: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের জাপানি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। বুধবার (১ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের উন্নয়ন সহযোগিতা, অবকাঠামো প্রকল্প, জ্বালানি সহায়তা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়িত চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনালের কাজ সম্পন্ন করে চলতি বছরের ডিসেম্বরেই উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করেন।
জ্বালানি খাতে বাংলাদেশের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় জাপানের সহায়তা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ সময় ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ৫০০ মিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাবে জাপান ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
বৈঠকে বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের বিষয়ে উভয় দেশ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাপানের পক্ষ থেকে পাঁচটি পেট্রোল বোট দেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ ক্ষেত্রে জাপানের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।
সাক্ষাৎকালে জাপানি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। জবাবে প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে জাপান সফরের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো এবং জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো বৈঠকে অংশ নেন।
