৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব খোকনের

২৪ঘণ্টা অনলাইন: দেশে কালো টাকা, অপ্রদর্শিত সম্পদ ও অর্থপাচার রোধে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
২৮ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। একই সঙ্গে দেশের ব্যাংকিং খাতকে আরও কার্যকর করতে ব্যাংকের সংখ্যা কমানোরও আহ্বান জানান তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, অনেকেই ব্যাংকের বাইরে বিপুল পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করছেন। আবার দেশত্যাগকারী ব্যক্তিদের কাছেও উল্লেখযোগ্য অঙ্কের নগদ অর্থ রয়েছে। এ অবস্থায় ৫০০ ও ১,০০০ টাকার নোট নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিলে সেই অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে।
তিনি আরও বলেন, যাদের অর্থের বৈধ উৎস দেখানোর সুযোগ নেই, তারা নির্ধারিত হারে কর পরিশোধের মাধ্যমে অর্থ বৈধ করতে পারবেন। এতে ব্যাংকে অর্থের প্রবাহ বাড়বে, বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং অর্থনীতি আরও গতিশীল হবে।
ব্যাংকিং খাত নিয়ে তিনি বলেন, প্রয়োজনের তুলনায় দেশে ব্যাংকের সংখ্যা বেশি। দুর্বল ব্যাংকগুলোকে জনগণের অর্থ দিয়ে টিকিয়ে রাখার পরিবর্তে ব্যাংক খাতকে আরও শক্তিশালী ও কার্যকর করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
অর্থপাচার প্রসঙ্গে খোকন বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেয়ে দেশে এমন একটি আর্থিক পরিবেশ তৈরি করা জরুরি, যেখানে মানুষ নিজেদের অর্থ নিরাপদ মনে করবে এবং দেশে বিনিয়োগে আগ্রহী হবে।
তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় প্রণীত বাজেটে সামাজিক নিরাপত্তা, কৃষি ও কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
