গোলের ঝড়ে কানাডার প্রথম জয়

২৪ঘণ্টা অনলাইন : বিসি প্লেস স্টেডিয়ামে গোল, লাল কার্ড, হ্যাটট্রিক এবং ভয়াবহ চোট—সব মিলিয়ে নাটকীয় এক ম্যাচে কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিক কানাডা। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয়ও তুলে নিয়েছে কানাডা।
ম্যাচের শুরু থেকেই কাতারের ওপর আধিপত্য বিস্তার করে কানাডা। ১৬ মিনিটে কাইল লারিনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৩ মিনিটে কানাডার তেজন বুকাননকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন কাতারের ডিফেন্ডার হোমাম আহমেদ। ১০ জনের দলে পরিণত হওয়ার পর কাতার আরও চাপে পড়ে।
সেই সুযোগ কাজে লাগিয়ে জোনাথন ডেভিড প্রথমার্ধেই দুটি গোল করেন। যোগ করা সময়ে নিজের ঝুলিতে আরো একটি গোল যোগ করে কানাডাকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ৫২ মিনিটে। কাতারের আসিম মাদিবোর ভয়ংকর ট্যাকলে কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনের বাঁ পা ভেঙে যায়। মাঠেই দীর্ঘ সময় চিকিৎসা দিয়ে তাকে স্ট্রেচারে করে বাইরে নেওয়া হয়। প্রথমে হলুদ কার্ড পেলেও ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলে মাদিবোকে লাল কার্ড দেখান রেফারি। ফলে ৯ জনের দলে পরিণত হয় কাতার।
আহত কোনের বদলি হিসেবে নেমে ৬৪ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন নাথান সালিবা। গোলের পর তিনি কোনের জার্সি তুলে ধরেেএক আবেগঘন মুহুর্ত তৈরি করেন। এরপর ৭৫ মিনিটে কাতারের মোহাম্মদ মানাই আত্মঘাতী গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-০। আর যোগ করা সময়ে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন জোনাথন ডেভিড। তার গোলেই ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় কানাডার।
এই ম্যাচে হ্যাটট্রিক করে বিশেষ এক রেকর্ডও গড়েছেন ডেভিড। ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর প্রথম স্বাগতিক দেশের খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন তিনি। এছাড়া বিশ্বকাপ ইতিহাসে স্বাগতিক দলের অন্যতম বড় ব্যবধানের জয়ের তালিকাতেও জায়গা করে নিয়েছে কানাডা।
অন্যদিকে, একই ম্যাচে দুটি লাল কার্ড দেখা ও আত্মঘাতী গোল হজম করে বিশ্বকাপে এক বিরল নেতিবাচক রেকর্ডের মালিক হয়েছে কাতার।
