বিতর্কিত ঘটনার পর অবসরে এডিসি সাকলায়েন

২৪ঘণ্টা অনলাইন: পরীমনি-সম্পর্কিত আলোচিত ঘটনার জেরে সমালোচনার মুখে থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
১৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অনুবিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২১ সালে চিত্রনায়িকা পরীমনির করা ঢাকা বোট ক্লাবের ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সাকলায়েন। মামলার তদন্ত চলাকালে পরীমনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে এলে তাকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়।
পরে পরীমনির বিরুদ্ধে করা পৃথক মামলার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৪ আগস্ট তার বনানীর বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব। ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
সাকলায়েনকে প্রথমে ডিবি থেকে সরিয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে সংযুক্ত করা হয়। পরবর্তীতে তাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডিবিতে কর্মরত অবস্থায় পরীমনির সঙ্গে সাকলায়েনের পরিচয় ও যোগাযোগ গড়ে ওঠে। প্রতিবেদনে বলা হয়, তিনি নিয়মিত পরীমনির বাসায় যাতায়াত ও রাত্রিযাপন করতেন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখার সরবরাহ করা মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণেও ২০২১ সালের ৪ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে বিভিন্ন সময়ে তার পরীমনির বাসায় অবস্থানের তথ্য পাওয়া যায়।
তদন্ত প্রতিবেদনের প্রেক্ষাপটে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
