চট্টগ্রামে দেড় কোটি গাছ লাগানোর পরিকল্পনা

২৪ঘণ্টা অনলাইন: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে চট্টগ্রাম জেলায় প্রায় দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার কর্ণফুলী উপজেলার চাদগাঁও বেড়িবাঁধ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। পরিবেশ, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে বৃক্ষরোপণের পাশাপাশি নাগরিক সচেতনতাও জরুরি।
তিনি জানান, চলতি বছর চট্টগ্রামে প্রায় ২৫ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে ৭০ হাজার বৃক্ষরোপণের কার্যক্রম শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে এই সংখ্যা দেড় কোটিতে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছরের লক্ষ্যমাত্রার মধ্যে বন বিভাগের আওতায় প্রায় ১৮ লাখ চারা রোপণ করা হবে। পাশাপাশি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বন বিভাগের যৌথ উদ্যোগে কর্ণফুলী বেড়িবাঁধ সড়কের দুই পাশে প্রায় ১৬ হাজার গাছ লাগানো হবে।
অনুষ্ঠানে একটি সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক। প্রথম দিনে প্রায় ১ দশমিক ৫০ একর জমিতে ১৯ প্রজাতির ১ হাজার ২০০টি চারা রোপণ করা হয়। এর মধ্যে সোনালু, জারুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বকুল, পলাশ, মহুয়া, অর্জুন, আমলকি, জলপাই, কাঠবাদাম, ঝাউ, হিজল, বহেরা ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।
কর্মসূচিতে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, সিডিএসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৃহৎ সবুজায়ন কর্মসূচি চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নগর ও উপকূলীয় অঞ্চলের সবুজ আচ্ছাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
