মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে শিক্ষা ব্যবস্থা গড়ার উদ্যোগ

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থার মানদণ্ড অনুসরণ করে দেশের শিক্ষা খাতকে আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন ধারণা প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলাই বর্তমান শিক্ষানীতির অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ড. মিলন বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে উদ্ভাবন, গবেষণা, স্টার্ট-আপ এবং প্রকল্পভিত্তিক শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর জন্য নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, শিক্ষার গুরুত্ব বিবেচনায় চলতি বাজেটে শিক্ষা খাতে বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল। প্রদর্শনীতে উপজেলার ৬টি কলেজসহ মোট ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর মোট ২৯টি প্রকল্প উপস্থাপন করে। প্রদর্শনী শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাওকাত হোসেন সুমন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম আকাশসহ শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
