ভাড়া বাড়াতে বিআইডব্লিউটিএকে চিঠি দিলেন লঞ্চ মালিকরা

২৪ঘণ্টা অনলাইন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নৌপরিবহন খাতে। এ পরিস্থিতিতে লঞ্চ মালিকরা যাত্রীভাড়া সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। ১৯ এপ্রিল লঞ্চ মালিক সংগঠনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. বদিউজ্জামান বাদল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছে। এতে লঞ্চ পরিচালনার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি ইঞ্জিনের যন্ত্রাংশ, প্রপেলার, ফুয়েলিং রড, গ্যাস, রংসহ অন্যান্য সরঞ্জামের দাম বৃদ্ধির ফলে সামগ্রিক পরিচালন ব্যয় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত নৌপথে প্রতি কিলোমিটার ভাড়া ১ টাকা বাড়িয়ে ৩ টাকা ৭৭ পয়সা করার সুপারিশ করা হয়েছে, যা প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটার ভাড়া ৩ টাকা ৩৮ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বেশি। এছাড়া সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার প্রস্তাব রয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে যাত্রীদের একটি বড় অংশ নৌপথ ছেড়ে সড়কপথে ঝুঁকছেন। এতে যাত্রীসংখ্যা কমে গিয়ে লঞ্চ মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এই অবস্থায় ভাড়া সমন্বয় না করলে নৌপরিবহন ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ১৮ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে নতুন জ্বালানি মূল্য নির্ধারণ করে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
