বিপদে পাশে থাকে পরিবারই!

২৪ঘণ্টা অনলাইন : মার্চ মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হন পপ তারকা ব্রিটনি স্পেয়ার্স (Britney Spears)। সেই ঘটনার পর সোশ্যাল মিডিয়া থেকে একেবারে উধাও হয়ে গিয়েছিলেন পপ তারকা। এমনিতে সমাজ মাধ্যমে তিনি যথেষ্ট সক্রিয়। অনুরাগীরা অপেক্ষা করছিলেন সোশ্যাল মিডিয়া ব্রিটনির ফেরার অপেক্ষায়। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। । দীর্ঘ বিরতির পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেন পপ গায়িকা।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ব্রিটনি। সেখানে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ১৯ বছরের ছেলে জেডেন জেমসের সঙ্গে মজার মুহূর্ত কাটাচ্ছেন তিনি। কখনও নাচছেন, কখনও আবার ক্যামেরার সামনে হাসি-মজা। মা-ছেলের এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিওর ক্যাপশনে গায়িকা লেখেন, “তোমাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো সত্যিই আশীর্বাদ। ভালো থাকো, সদয় থাকো।”
উল্লেখ্য, গত ৪ মার্চ ক্যালিফোর্নিয়ার ভেনচুরায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হন ব্রিটনি। যদিও পরের দিনই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর তাঁর টিমের তরফে জানানো হয়, ঘটনাটি দুর্ভাগ্যজনক হলেও ব্রিটনি আইন মেনে চলবেন এবং ভবিষ্যতে সঠিক পদক্ষেপ নেবেন। একই সঙ্গে পরিবার তাঁর পাশে রয়েছে এবং এই কঠিন সময় কাটিয়ে উঠতে তাঁকে সাহায্য করছে। গ্রেপ্তারের পর বিতর্কে জড়ালেও, আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন ব্রিটনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই প্রত্যাবর্তন সেই ইঙ্গিতই দিচ্ছে।
